হিজাব



হিজাব জিনিসটা কি! বোরকা পরা, হাত মোজা-পা মোজা পরা! এক টুকরো কাপড়ের জন্যে কেন আমাকে আন্দোলন করতে হবে! 


ইসলাম ধর্ম প্রচারের প্রথম থেকেই পর্দার বিধান ছিল না তাহলে পর্দার বিধান কেন এল! আমাদের উম্মুল মুমিনীন হযরত খাদিজা (আঃ), হযরত আয়েশা (আঃ),হযরত ফাতেমা (আঃ) তারা নিশ্চয়ই কেউ অশালীন পোশাক পরিধানের কথা চিন্তাও করতে পারতেন না তবু কেন পর্দা আমাদের উপর ফরজ হল! 


কারণ দুনিয়াতে শুধুই পুরুষমানুষের বাস নয়। পুরুষরুপী হায়েনা থাকে, জানোয়ার থাকে আবার পারভার্টও থাকে। যাদের ছোট শিশু দেখলেও কামনা জাগে আবার নারীর পায়ের বুড়ো আঙুল দেখলেও শরীর শিরশির করে। এরা চোখ দিয়ে  নারীকে ধর্ষণ করে।এদের কাছ থেকে নিরাপদ রাখতেই ইসলামে আপাদমস্তক ঢেকে রাখার বিধান।


পর্দার বিধান কি নারীকে হেয় বা দূর্বল করার জন্যে করেছে!  একদমই না। দেখুন, যে যুগে আমরা নারী স্বাধীনতা বলে সারাদিন চিৎকার করি সেখানে পর্দা নারী স্বাধীনতার পথ আরো সুগম করেছে। আপাদমস্তক ঢাকা আপনি কালো না ফর্সা, মোটা না চিকন তা দিয়ে আপনাকে যাচাই করা হবে না। বরঞ্চ আপনাকে মূল্যায়ন করা হবে শুধুই আপনার সৎকাজ, ব্যক্তিত্ব অথবা প্রজ্ঞা দিয়ে।এমন স্বাধীনতা  আর কোথায় পাবেন যেখানে আপনার অবয়ব নয় শুধু আপনি মানুষ সেটাই আপনার পরিচায়ক।


বাহ্যিক রুপ,শারীরিক সৌন্দর্য দিয়ে মানুষের মূল্যায়ন করা যাবে না তার প্রথম সারির উদাহরণই তো পর্দা। আমাদের উম্মুল মুমিনীন হযরত খাদিজা (আঃ), হযরত হাফসা(আঃ),হযরত ফাতেমা(আঃ) এবং বিবি রহিমা,আসিয়া, রাবেয়া বসরীর মত মহীয়সী নারীদের রুপের বর্ণনা দিয়ে এক লাইনও  লেখা হয় নি। অথচ তাদের প্রজ্ঞা,দানশীলতা,মহানুভবতা এবং আল্লাহভীতির মত গুণ তাদের অমর করে রেখেছে।


পর্দা একজন মুসলিম নারীর কাছে সাহসিকতার নিশানা। আসিয়া বিনতে মুজাহিম উত্তপ্ত বালিতে রক্তাক্ত অবস্থায় অত্যাচারিত হয়েও ঈমান হারায় নাই।সুমাইয়া বিনতে খাব্বাত আবু জাহেলের হাতে অত্যাচারিত হতে হতে ইসলামের প্রথম শহীদের মর্যাদা লাভ করেছেন তারাও নারী আমরাও নারী। আমরা কখনই দূর্বল বা ভীতু ছিলাম না। তখনোও নয় এখনো নয়।


 পর্দা একজন মুসলিম নারীর কাছে রণাঙ্গনের  ঢালস্বরূপ। বাহ্যিক বিশ্বের সামনে এক টুকরো কাপড়ে ঢেকে নিজেকে আড়াল করে সে জানিয়ে দেয়,আমি মানুষ আমার শরীরটাকে চাইলেই বিজ্ঞাপনের মত ব্যবহার করা যাবে না।আমরা শরীরটাকে নিয়ে কোনো পুরুষের করা কুচিন্তা, কুমতলব আমি প্রশয় দিব না। আমি পর্দা করি এটা আমার লজ্জা নয়,অহংকার।


হাবিবা সরকার হিলা

Comments

Popular posts from this blog

আল্লাহর_পথে_দৃঢ়পদ_থাকার_গল্প